খড়্গপুরে প্রার্থী হচ্ছেন অভিনেতা বিধায়ক হিরণ

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি:
খড়গপুর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য সেখানকার বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার রাত ১১টা নাগাদ মেদিনীপুর ও খড়্গপুর পৌরসভার জন্য বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি।

এদিন রাতে মেদিনীপুরের সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে, দলের জেলা সভাপতি তাপস মিশ্র মেদিনীপুর পৌরসভার ২৫ টি, খড়্গপুর পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেন। মেদিনীপুরে বিজেপি প্রার্থীদের মধ্যে রয়েছে বেশকিছু দলীয় নেতৃত্ব। দলের জেলা সাধারণ সম্পাদক থেকে যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি রয়েছেন মেদিনীপুরের প্রার্থী তালিকায়। এছাড়াও খড়্গপুরের প্রার্থী তালিকায় রাখা হয়েছে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নাম।

দলের জেলা সভাপতি জানান, মেদিনীপুরে ২৫ টির মধ্যে ২৫ টি এবং খড়্গপুরে ৩৫ টির মধ্যে ৩২ টি আসনে জয়ী হবে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *