অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২৪ ডিসেম্বর: ফুলের জলসায় এ এক অন্যরকম মজলিস। শুক্রবার শীতের নরম রোদ্দুরে ময়দানে কলকাতা প্রেস ক্লাবের উদ্যানে বসেছিল প্রাক-বড়দিনের সমাবেশ।
গানের মূর্চ্ছনার তালে সান্টাক্লসের পোষাক পরা পাঁচ ক্ষুদের নাচে তালি দিয়ে সঙ্গত জানালেন নায়ক-সাংসদ দেব। সঙ্গে ছিলেন ক্লাবের সভাপতি ও সম্পাদক স্নেহাশিস সুর ও কিংশুক প্রামাণিক। মঞ্চে ক্লাবের সহ সম্পাদক নিতাই মালাকার এবং অরিজিৎ দত্তও ছিলেন।

গত ক’বছর ধরে বড়দিনে তাঁর নতুন ছবি মুক্তি পায়। মাঝে বিশেষ কারণে দু‘বছর তা হয়নি। এবার হল। শুক্রবার ছিল তাঁর নয়া ছবি ’টনিক‘-এর মুক্তি। এ ছাড়াও শনিবার দেবের জন্মদিন। এই দুই উপলক্ষে তিনি এসেছিলেন রিপোর্টারদের ক্লাবে। নাচে গানে মিশে গেলেন বাচ্চাদের সঙ্গে। এর পর হল ক্লাবের গ্রাম কৃষ্টি উৎসবের সূচনা।

