চন্দ্রকোনায় বিজেপি নেতার বিরুদ্ধে কর্মী বিক্ষোভ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুন: জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ঝাঁকরা এলাকায় এক বিজেপি নেতার বিরুদ্ধে  দুর্নীতি ও অত্যাচারের প্রতিবাদ জানিয়ে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন দলেরই কর্মী সমর্থকরা। দলীয় কর্মী মৃত্যুঞ্জয় পড়িয়ার অভিযোগ, “চন্দ্রকোনা দক্ষিণ মন্ডলের ঝাঁঝরা এলাকার  বিজেপি নেতা রুপম মল্লিক দুর্নীতিগ্রস্থ হওয়ায় বিজেপি কর্মীদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। তারা অভিযোগ করে বলেন, নির্বাচনের সময় ছাড়াও বিভিন্ন সময় দলীয় কাজের জন্য যে টাকাপয়সা আসে তার কোনও হিসাব নেই। প্রতিবাদ করলে দলের লবি ধরে দলীয় কর্মীদের পদচ্যুত ও মারধর করেছেন।

এ বিষয়ে জেলা নেতৃত্বকে জানালেও কোনও পদক্ষেপ নেয়নি। এলাকায় বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায়ের সঙ্গেও এই বিজেপি নেতা জড়িত। প্রতিবাদ করলে দলীয় নেতাকর্মীদের উপরে তার লোকজন আক্রমণ চালায়। এছাড়াও দলীয় কর্মী সমর্থকরা প্রয়োজনে তাকে কখনো পাশে পান না। তার জন্যই এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় পড়িয়ার অভিযোগ”।

আরেক বিক্ষোভকারী ধ্রুব রঞ্জন দাস রায় অভিযোগ করেন, ” চন্দ্রকোনায় কুণাল ঘোষের জনসভায় গেছিলাম। এরপরেই কিছু লোককে মদ খাইয়ে আমার উপর আক্রমণ করে এবং ব্যাপক মারধর করে। চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে যদি বিজেপি জিততো তাহলে তৃণমূল কর্মীদের পাশাপাশি বিজেপি কর্মীদেরও মার খেতে হত এই বিজেপি নেতার জন্য।” 

মঙ্গলবার চন্দ্রকোনার ঝাঁকরা এলাকায় বিজেপি নেতা রুপম মল্লিকের বাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রবল বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী ও স্থানীয়রা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *