বিধানসভায় বিধায়ক অসিত মজুমদার আক্রান্ত হতেই চুঁচুড়ায় বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কর্মী সমর্থকরা

আমাদের ভারত, হুগলি, ২৮ মার্চ: শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় আক্রান্ত হয়েছেন বিধায়ক অসিত মজুমদার। তার নাক ফেটে গিয়েছে। সোমবার সংবাদ মাধ্যামে এই খবর সম্প্রচারিত হতেই ক্ষোভে ফুঁসে উঠলেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল কর্মীরা।

বিধায়ক আক্রান্তের প্রতিবাদে দুপুর থেকেই পথে নামেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন চুঁচুড়া বিধানসভা এলাকাজুড়ে কোথাও প্রতিবাদ মিছিল হয়। কোথাও আবার প্রতিবাদ সভা সংগঠিত হয়। এদিন দুপুরে পিপুলপাতি মোড় থেকে একটি মিছিল বের হয়। সেই মিছিলে হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান সহ একাধিক কাউন্সিলরা অংশ গ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি চুঁচুড়ার ঘড়ির মোড়ে গিয়ে অবস্থান বিক্ষোভ করে। এরপর পুলিশ পৌছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

অন্যদিকে এদিন সন্ধ্যায় চুঁচুড়ার পাঙ্খাটুলি মোড়ে তৃণমূলের তরফে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পুরসভার কাউন্সিলর নির্মল চক্রবর্তী বলেন, চুঁচুড়া বিধানসভা, পঞ্চায়েত এবং পুরসভা এলাকা জুড়ে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এই প্রতিবাদ সংগঠিত হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *