জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ মে: দাসপুরে এক গৃহবধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত ওই গৃহবধূকে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পর ঘটনাটি ঘটেছে দাসপুর থানার বিষ্ণুপুর এলাকায়।
অ্যাসিড হামলায় আহত গৃহবধূর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। জানাযায়, আহত মহিলার স্বামী শেখ শোয়েব আলী ভিন রাজ্যে সোনার কাজ করে। কয়েকদিন আগে স্ত্রী শাকিরাকে নিয়ে দেশের বাড়ি ফিরেছে। তারপর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝামেলা চলছিল। গতকাল ঝগড়াঝাঁটি চলার সময় উত্তেজিত অবস্থায় স্ত্রীকে অ্যাসিড ছুড়ে মারে শেখ শোয়েব আলী। যন্ত্রণায় ছটফট করতে থাকলে সে নিজেই আহত স্ত্রী শাকিরাকে নিয়ে হাসপাতালে পৌঁছায়।ঘটনার খবর পেয়ে আহত গৃহবধূকে হাসপাতালে দেখতে যায় দাসপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে শাকিরার অসুস্থতার খবর জানানো হয়েছে তার বাপের বাড়িতে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের না হলেও জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শোয়েব আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

