দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু, প্রতিবাদে পথ অবরোধ পুরুলিয়ার ভাটবাঁধে

সাথী দাস, পুরুলিয়া, ৩ মার্চ: ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। পুরুলিয়া শহরের উইলকক্স রোডে ভাটবাঁধ এলাকার ঘটনা। ওই রাস্তায় বসে মহিলারা অবরোধে সামিল হন। বাঁশ, গাছের ডাল রাস্তায় ফেলে স্থানীয় বাসিন্দারা ক্ষতিপূরণ ও রাস্তায় হাম্পের দাবি জানিয়ে পথ অবরোধ করেন। ঘটনার পর বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। পদস্থ পুলিশ আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন।

স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত‍্যু হয় ওই স্কুল ছাত্রীর। বুধবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বেলগুমা স্কুলের রাস্তায় ভাটবাঁধ মোড়ের কাছে। মৃতার নাম জেসিকা মানকো (১১)। প্রতিদিনের মতো বুধবারও সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা মারলে গুরুতর ভাবে সে জখম হয়। পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান।

আজ এই ঘটনার পরই দেহ বাড়িতে রেখে পথ অবরোধ করেন স্থানীয়রা। ক্ষতিপূরণ এবং ওই ব্যস্ততম রাস্তা অর্থাৎ স্কুলের সময়গুলোতে ভারী যান চলাচল বন্ধের দাবি করেন তাঁরা। তাঁদের অভিযোগ, এই রাস্তাতেই একই কারণে তিন স্কুল পড়ুয়া প্রাণ হারায়। তবুও যান চলাচলে গতি নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি।

সকাল পৌনে দশটা থেকে পৌনে বারোটা পর্যন্ত অবরোধ চলে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *