স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ আগস্ট: ৪০০ প্যাকেট দেশলাইয়ের কাঠি দিয়ে মা কালী মূর্তি তৈরি করল এক কিশোর। নদিয়ার বহিরগাছি প্রতাপগড়ের বাসিন্দা অঙ্কু বিশ্বাস এই মূর্তি তৈরি করেছে। সময় লেগেছে ৬ মাস। পড়াশোনার পাশাপাশি শখের বশেই এই কাজ করেছে সে। তবে ধীরে ধীরে সে এটাকে পেশা বানাতে চাইছে।

এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে অঙ্কু। মাজদিয়ার সুধীর রঞ্জন লাহিড়ী কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছে। মাটির কাজ শিখেছে গুরুদেবের কাছ থেকে। মাটির মূর্তি তৈরি করতে পারে অঙ্কু বিশ্বাস। চাষি পরিবারের ছেলে অঙ্কু বিশ্বাস দেশলাইয়ের কাঠি, আঠা, কাগজের বোর্ড দিয়ে এই প্রতিমা বানিয়েছে। এটা একজন কিনেও নিচ্ছে বলে জানাগেছে। আগামী অর্ডার পেলে আরও এরকম কাজ করবে বলে জানিয়েছে অঙ্কু। মূলত লকডাউনের সময়টাই তার এই নেশার জন্ম নিয়েছে।


