কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর:
বন্যার জলে পড়ে মৃত হল এক যুবকের। ঘাটাল থানার কুঠিঘাটে শনিবার রাত থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ পাওয়া গেল রবিবার। মৃতদেহটি উদ্ধার হয় ঘাটাল ব্লকের দেওয়ান চক ১ গ্রাম পঞ্চায়েতের কুঠিঘাট এর গোরার খাল এর জল থেকে।
জানাগেছে, ওই যুবকের নাম সৌমেন মুর্মু, বয়স ২৩ বছর। বাড়ি চক সাদী গ্রামে। স্থানীয় বাসিন্দারা রবিবার সকালে, খালের ধারে মৃত যুবকের জুতো দেখে অনুমান করেন যে সৌমেন কোনওভাবে জলে পড়ে গিয়েছে। এরপর স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করে খালের জল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। ঘাটাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই নিয়ে ঘাটালে বন্যার জলে পড়ে মৃত্যু হল ২ জনের, নিখোঁজ ১ জন।

