পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে মায়ের নামে গাছ লাগানোর কর্মসূচি “একটি গাছ মায়ের নামে” আজ পালিত হলো মেদিনীপুরে। সকালবেলা কাঁসাই নদীর গান্ধী ঘাটে একটি ঘেরা এলাকা পরিবেশ বান্ধবভাবে সাজিয়ে গাছ লাগানোর মাধ্যমে এই কর্মসূচি উদযাপন করা হয়। মেদিনীপুরের জেলাশাসক বিজীন কৃষ্ণ সকলকে উৎসাহিত করেন এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য। অনুষ্ঠানে মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, সরকারের নির্দেশ অনুসারে জেলার সব প্রান্তে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করছে। জেলা প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, এবছর প্রায় ২৫,০০০ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, স্থানীয়দের মধ্যে প্রকৃতি ও মাতৃভক্তির প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হবে।


