স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ মার্চ: জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত ইসলামপুর। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর আহত এক তৃণমূল কর্মী বলে অভিযোগ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বন্দিরামগছ এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইসলামপুর থানার পুলিশ। আহত ওই তৃণমূল কর্মীর নাম শুক্রু মহম্মদ। তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, দীর্ঘদিন ধরে চা বাগানের জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হতেই থাকে বলে অভিযোগ। এর আগেও কয়েকবার এই ধরণের ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনার জন্য এলাকার কিছু দুষ্কৃতিকে দায়ী করেছেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

স্থানীয় তৃণমূল নেতা মহঃ হাফিজুদ্দিন বলেন, এলাকার উন্নয়নের জন্য বুধবার রাতে একটি মিটিং চলাকালীন কিছু দুষ্কৃতী হামলা চালায়। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।
অপরদিকে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল টেলিফোনে জানিয়েছেন, কিছু দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। এখানে তৃণমূলের গোষ্ঠীর কোনো ব্যাপার নেই। পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
অন্যদিকে, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর টেলিফোনে জানিয়েছেন, পুরনো জমি বিবাদের জেরে ঘটনাটি ঘটেছে। একজন আহত আছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি টহলদারী চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকা এখনো থমথমে রয়েছে।

