চার বছরের শিশুকে চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগ, গাইগাটায় গ্রেফতার কিশোরী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ মার্চ: বাচ্চা চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে এক কিশোরীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার চাঁদপাড়া বিএম পল্লী এলাকায়। শিশুর পরিবারের অভিযোগ, তাদের চার বছরের শিশুকে চুরি করে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল প্রতিবেশী এক কিশোরী। পুলিশ তদন্তে নেমে শিশুটিকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে অভিযোগ, ওই এলাকার স্থানীয় গদাধর সাহা ও স্ত্রী মুক্তি সাহা, তাদের বছর চারেকের ছেলে অঙ্কিত সাহা। মঙ্গলবার অঙ্কিতকে রেখে বাজার করতে যায় ওই দম্পতি। মুক্তিদেবী বাড়ি ফিরে দেখেন তাঁর ছেলে বাড়িতে নেই। আশপাশে খোঁজাখুঁজির পরেও খোঁজ পাওয়া যায় না ছেলের।

এক প্রতিবেশী জানান, তাঁদের ছেলে অঙ্কিতকে পাশের বাড়ির একজন কিশোরীর সঙ্গে যেতে দেখেছেন।
তারপর স্থানীয়রা অভিযুক্ত কিশোরীকে ধরে উত্তম-মাধ্যম দিয়ে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত কিশোরীকে আটক করে পুলিশ তদন্তে নামে। এরপর হাবড়া স্টেশন চত্বর থেকে ওই শিশুকে উদ্ধার করে গাইঘাটা থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে হাবড়া স্টেশন চত্বরে এক কিশোরীর সঙ্গে ঘোরাফেরা করতে দেখে রেল পুলিশ। এরপর শিশুকে একা ঘোরাফেরা করতে দেখে জিআরপি’রা শিশুকে উদ্ধার করে। বুধবার গাইঘাটা থানার পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে শিশুটিকে উদ্ধার করে গাইঘাটায় তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেয়। ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার থেকে প্রতিবেশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *