বালুরঘাটে টিউশানি পড়িয়ে বাড়ি ফেরার পথে ষাঁড়ের গুঁতোয় প্রাণ গেল এক শিক্ষকের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩ আগস্ট: ষাঁড়ের তান্ডবে তিতিবিরক্ত বালুরঘাটের মানুষ, উদাসীন পুরসভা। টিউশানি পড়িয়ে বাড়ি ফেরার পথে ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল এক বাইক আরোহীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ট্যাঙ্ক মোড় এলাকায়।

পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম সন্দীপ বাগচী (৩৭)। বালুরঘাটের বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা বছর ৩৭এর সন্দীপ বুধবার রাতে পতিরাম থেকে টিউশনি পড়িয়ে মোটর বাইক চালিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় ট্যাঙ্ক মোড় এলাকায় একটি ষাঁড় তাকে গুঁতো মারলে ছিটকে পড়ে সে। গুরুতর আহত অবস্থায় তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দিনের পর দিন শহরজুড়ে ষাড়ের তান্ডব বাড়তে থাকলেও কেন পুরসভা নিশ্চুপ? এই ঘটনার পর সেই প্রশ্ন তুলেই ক্ষোভ উগড়েছেন অনেকেই।

মৃতের আত্মীয় মৈনাক বাগচী বলেন, ষাঁড়ের গুঁতোতেই দাদার মৃত্যু হয়েছে। টিউশানি পড়িয়ে বাড়িতে ফেরার পথেই এমন দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *