ইসলামপুরে এক চায়ের দোকানদারকে গলা কেটে খুন

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৬ আগস্ট: বাড়ি থেকে কিছুটা দূরে এক চায়ের দোকানদারের গলা কাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সোনামতি এলাকায়। নিহত ব্যক্তির নাম বিশ্বনাথ সিংহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার সোনামতি এলাকার বাসিন্দা বিশ্বনাথ সিংহের সোনামতি বাজার এলাকায় একটি চায়ের দোকান রয়েছে। বুধবার রাতে চায়ের দোকান বন্ধ করে বাড়িতে আসেন। খাওয়া দাওয়া করার পর আবারও বাইরে যান বিশ্বনাথবাবু। এরপর আর সারারাত বাড়ি ফেরেননি তিনি। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা বিশ্বনাথ সিংহের বাড়ি থেকে কিছুটা দূরে পথের ধারে তাঁর গলাকাটা মৃতদেহ দেখতে পান। এই খবর চাউর হতেই আশপাশের বহু মানুষ ভিড় করেন। ঘটনার খবর পেয়ে আসে ইসলামপুর থানার পুলিশ।

ছুটে আসেন স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য জয়মঙ্গল গণেশ। জয়মঙ্গল গণেশ জানিয়েছেন, কিভাবে এই ঘটনা ঘটল তা পুলিশি তদন্তেই জানা যাবে। কে কারা বিশ্বনাথ সিংহকে খুন করল তার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সোনামতি বাজার এলাকায় বিশ্বনাথ সিংহের চায়ের দোকানের আশপাশের দোকানদার সহ স্থানীয় মানুষজনদের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশ। বিশ্বনাথবাবুর মতো একজন সামান্য চায়ের দোকানদারের এমন নৃশংস খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *