জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ নভেম্বর: টানা প্রায় দু’বছর বন্ধ থাকার পর খুলেছে স্কুলগুলি। ফাঁকা ক্লাসরুম বন্ধ ক্লাস। স্কুলের ভিতরে স্কুলের ইউনিফর্ম পরে সিগারেটে টান দিচ্ছে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা। রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার জাড়া হাই স্কুলে। ভিডিও ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় বইছে এলাকায় ও নেট দুনিয়ায়।

তবে এই ঘটনা প্রথমবার নয় এর আগেও বিতর্কে জড়িয়েছিল ওই স্কুল, এর আগেও স্কুলের ভেতর ছাত্র-ছাত্রীদের মদ্যপানের অভিযোগ প্রকাশ্যে এসেছিল। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতির জন্যই এই ধরনের ঘটনা বারবার ঘটছে ওই স্কুলে। এই ঘটনাতে প্রভাব পড়েছে স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীদের মধ্যেও। ঘটনায় স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রী সহ মোট ৭ জন জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা।

