প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১২ মে:
টাকা দিতে না পারায় কোভিড রোগীর মৃতদেহ আটকে রেখে ডেথ সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ উঠল সোদপুরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।
বারাকপুর নোনা চন্দনপুকুরের বাসিন্দা ৬৪ বছর বয়সী প্রদীপ কুমার দেবনাথ। কোভিড পজিটিভ হয়ে সোদপুরের এক বেসরকারি হাসপাতালে গত ৩০ এপ্রিল ভর্তি হন। এ মাসের ১০ তারিখ প্রদীপবাবু মারা যান। হাসপাতালের বিল হয় ৩ লাখ ১৮হাজার টাকা। মৃতের বাড়ির লোকজন ১ লক্ষ ৪০ হাজার টাকা হাসপাতাল কর্তৃপক্ষকে দেন, কিন্তু বাদবাকি টাকা তারা দিতে পারেননি। সেই কারণে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ আটকে রেখে দেয় বলে অভিযোগ। বকেয়া বিল না মেটানো পর্যন্ত, মৃতদেহ ও ডেথ সার্টিফিকেট দেওয়া হবে না বলে জানিয়ে দেয়। এমনটাই অভিযোগ মৃতের শ্যালক পিনাকী নাথের।
সরকারি নির্দেশ ছিল টাকার জন্য হাসপাতাল ও নার্সিং হোমে মৃতদেহ আটকে রাখা যাবে না। আর সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সেই অমানবিক দৃশ্য দেখা গেল সোদপুরের এই বেসরকারি হাসপাতালে। এদিকে পরিবারের সবাই কোভিড আক্রান্ত। অপরদিকে মৃতদেহ সৎকার না হওয়ায় পরিজনরা কিছু নিয়ম পালন করতে পারছেন না। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

