স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, আমাদের ভারত, ২৮ মার্চ: বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমুহের ডাকা দেশজুড়ে সাধারণ ধর্মঘটে মিশ্র প্রভাব পড়ল উত্তর দিনাজপুর জেলায়। বেসরকারি যানবাহন রাস্তায় না নামলেও সরকারি বাস চলেছে। খুলেছে স্কুল কলেজ ও অফিস আদালতও। তবে বনধের প্রভাবে খোলেনি কোনও হাট বা বাজার।
দোকানপাটও বেশিরভাগ ছিল বন্ধ। এদিকে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর ডাকা দেশব্যাপী সাধারন ধর্মঘট রুখতে রাজ্য প্রশাসন ছিল তৎপর। উত্তর দিনাজপুর জেলার সরকারি ও বেসরকারি বাস টার্মিনাস সহ শহরজুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। সাধারন মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এবং এই রাজ্যের কর্মসংস্কতি বজায় রাখার উদ্দেশ্যে নবান্ন থেকে আগেই নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশ মতো সরকারি অফিস, আদালত ও স্কুল কলেজ খোলা থাকলেও হাট বাজার, দোকানপাট সবই ছিল প্রায় বন্ধ। বেসরকারি যানবাহনও উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে তেমন ভাবে দেখা মেলেনি। তবে পর্যাপ্ত সরকারি বাস ছিল। তবে সরকারি বাসের চালকেরা হেলমেট পড়ে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছেন এই ছবি লক্ষ করা গিয়েছে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপোর সামনে সিপিআইএম এবং বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর সদস্যরা গাড়ি আটকানোর চেষ্টা করে। তবে প্রচুর পুলিশ থাকায় সরকারি বাস চলেছে। এছাড়াও রায়গঞ্জ শহরের বেশকিছু জায়গায় বনধ সমর্থনকারীরা পিকেটিং মিছিল করে।
এদিকে বনধ ব্যার্থ করার ডাক দিয়ে বনধ বিরোধীতায় পথে নামে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এদিন মোহনবাটী বাজারের সামনে বনধ সমর্থক ও বনধ বিরোধীদের মিছিল মুখোমুখি এসে পড়ায় তীব্র উত্তেজনা তৈরী হয়। তবে বিশাল পুলিশ বাহিনীর তৎপরতায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

