রায়গঞ্জ রেললাইনের উপর ফ্লাইওভার নির্মাণের জন্য পরিদর্শনে এলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের ইঞ্জিনিয়ারের প্রতিনিধি দল

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ অক্টোবর: অবশেষে যানজটের নরক যন্ত্রনা থেকে মুক্তি পাবার আশায় বুক বাঁধতে শুরু করল রায়গঞ্জবাসী। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর তৎপরতায় এবং রায়গঞ্জ বাণিজ্য সংগঠন ও রায়গঞ্জ পুরসভার বিশেষ উদ্যোগে রায়গঞ্জ রেললাইনের উপর ফ্লাইওভার নির্মাণ করা যায় কিনা তা খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ারের প্রতিনিধি দল। আগামী বছরের রেল বাজেটে রায়গঞ্জ শহরে রেলের ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।

উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের মাঝ বরাবর চলে গিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওেয়ের রাধিকাপুর-কাটিহার রেলপথ। এই রেলপথ কার্যত রায়গঞ্জ শহরকে দু’ভাগে ভাগ করে দিয়েছে। এই রেললাইন পার করেই রায়গঞ্জের মানুষকে যাতায়াত করতে হয়। দিনে ৬ জোড়া ট্রেন চলাচলের পাশাপাশি হাওড়া-রাধিকাপুর, রাধিকাপুর-কলকাতার মতো দূরপাল্লার ট্রেন চলাচল করে। ফলে দিনের মধ্যে অসংখ্যবার ট্রেন চলাচলের জন্য রেলগেট বন্ধ রাখতে হয়। আর এরফলে তীব্র জানজটের সৃষ্টি হয় রায়গঞ্জ শহরে। চরম নাজেহাল হতে হয় স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে অফিস যাত্রী, রোগী ও রোগীর পরিবার সহ সাধারণ মানুষকে। সাধারণ মানুষের এই সমস্যা নিয়ে সাধারণ মানুষ ও রায়গঞ্জের ব্যবসায়ীদের নিয়ে রায়গঞ্জ শহরে রেললাইনের উপর ফ্লাইওভার নির্মাণের দাবি নিয়ে আন্দোলন শুরু করে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন।

রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, রেললাইনের কারণে রায়গঞ্জ শহরে তীব্র যানজট নিরসনে একাধিকবার রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করার পাশাপাশি গণ কনভেনশন করা হয়েছিল। ব্যাবসায়ী সংগঠন, রায়গঞ্জ পুরসভা কাটিহারে গিয়ে এই সমস্যা সমাধানের জন্য
ডিআরএম-এর সাথে বৈঠকও করে। এরপরই রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে বুধবার রায়গঞ্জ রেল স্টেশন চত্বর এলাকা পরিদর্শন করতে আসেন রেলওেয়ের ডিভিশনাল ইঞ্জিনিয়ার সহ এক প্রতিনিধি দল। আমাদের আশা দলমত নির্বিশেষে সকলেই এক হয়ে রায়গঞ্জের এই জ্বলন্ত সমস্যা সমাধানে উদ্যোগী হবে। রেলের ইঞ্জিনিয়ারের কাছে প্রস্তাবিত ফ্লাইওভারের নকশা জমা দিয়েছে তারা।

এদিকে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানিয়েছেন, দিনে প্রায় ৬ ঘন্টা রেললাইনের কারণে যানজটে অবরুদ্ধ হয়ে থাকে রায়গঞ্জ শহর। তীব্র এই যানজট সমস্যা সমাধানের জন্য ভারতীয় রেল মন্ত্রীর সাথে আমি বার বার যোগাযোগ করেছি। রায়গঞ্জ শহরে রেললাইনের উপর ফ্লাইওভার নির্মাণের জন্য আমার আবেদনের ভিত্তিতে আজ কাটিহার ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ারের প্রতিনিধি দলকে পরিদর্শনে পাঠিয়েছে। তারা জায়গা পরিদর্শন করেছেন। ব্যাবসায়ী সংগঠনকে বেশ কয়েকটি নকশা দেওয়া হয়েছে। আমি ইঞ্জিনিয়াদের বলেছি দ্রুত এই রিপোর্ট রেলওেয়ের কাছে পাঠাতে যাতে আগামী ফেব্রুয়ারিতে রেল বাজেটে রায়গঞ্জ শহরে ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব পেশ করা যায়। রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার রায়গঞ্জে পরিদর্শনে আসা এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর এই উদ্যোগে রায়গঞ্জ শহরে ফ্লাইওভার নির্মাণ হওয়ার আশায় বুক বাঁধছেন রায়গঞ্জ শহরবাসী। যানজটের নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আশায় এখন থেকেই দিন গুনছেন বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *