আমাদের ভারত, ১১ আগস্ট: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপের ফলে বুধবার থেকে ভারী বর্ষণের সর্তকতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সমুদ্রের দমকা হওয়ার গতি হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার।
আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সোমবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি হয়েছে। দমদমে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ব্যপক বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার জানিয়েছে, উত্তর- পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার প্রভাবে ওই অঞ্চলে বুধবার তৈরি হতে পারে নিম্নচাপ। ফলে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টিও।
বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব -পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়ায় হতে পারে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া হইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, কলকাতায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে।
শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূমে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান ও নদীয়ায়। ঐদিন পর্যন্ত দক্ষিণের সব জেলায় রয়েছে ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা। রবিবার থেকে বৃষ্টির প্রকোপ কমবে।
এই কয়েকদিন সমুদ্রে দমকা হওয়ার গতি হতে পারে সর্বোচ্চ ৫৫ কিলোমিটার ঘণ্টা। আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

