আমাদের ভারত, বাঁকুড়া, ২ নভেম্বর: পুলিশি অভিযানে ফের উদ্ধার দু’ কেজি গাঁজা। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বাঁকুড়া জেলা পুলিশ অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে চোলাই মদের ঠেক ভাঙ্গছে। গাঁজা, কফ সিরাপ সহ নানা মাদকদ্রব্য উদ্ধার করে কারবারীদের গ্রেফতার করে হাজতে পুড়ছে। তবু এর সঙ্গে যুক্ত অবৈধ মাদক ব্যবসায়ীদের ঠেকাতে পারছে না।

রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জয়পুর থানার পুলিশ অভিযান চালায় জয়পুর হাটতলা এলাকায়। রাতভর অভিযান চালিয়ে অবৈধভাবে গাঁজা মজুত ও বিক্রির অভিযোগে দেবাশিস দে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে বাঁকুড়া আদালতে তোলা হয়।

ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২ কেজির বেশি গাঁজা। অভিযুক্ত কোথা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা পেলো, তা সে কোথায় বিক্রি করতো এবং এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

