এক দিনে দুজনের প্রাণ কাড়ল করোনা, সংক্রমণ লাফিয়ে বাড়ছে পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ২৩ এপ্রিল: প্রথম পর্যায়ে যে ভয়াবহ রূপ অন্তত পুরুলিয়া জেলায় ছিল না দ্বিতীয় পর্যায়ে কোভিডে তাই দেখা দিয়েছে। দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। আজ ফের দুই জনের প্রাণ কাড়ল এই মারণ রোগ।

আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় উদ্বিগ্ন জেলা প্রশাসন। কপালে ভাঁজ আরও স্পষ্ট হচ্ছে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বাড়ায়। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৫৯ জনের। জেলার ২০টি ব্লক ও ৩টি পুরসভার মধ্যে পুরুলিয়া শহরে দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যে উঠে আসছে। দ্বিতীয় পর্যায়ে ২৯৯৫ জন আক্রান্ত হয়েছেন জেলায়। তার মধ্যে পুরুলিয়া শহরে রয়েছেন ৬৩৩ জন।

কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য প্রশাসনিক স্তর থেকে অভিযান ও কর্মসূচি হচ্ছে জেলাজুড়ে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও জন সচেতনতামূলক কর্মসূচি হচ্ছে। আজও পুরুলিয়া শহরে করোনা সচেতনতা অভিযান চলে। পুরসভার পক্ষ থেকে বিভিন্ন রাস্তায় জীবাণুনাশক তরল দিয়ে পরিষ্কার করা হয়। পথচারীদের হাতে ফেস মাস্ক তুলে দেন প্রশাসনিক বোর্ডের সদস্যরা। স্বাস্থ্য বিধি ও পরামর্শ মেনে চলার জন্য মাইকে করে প্রচার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *