CM, 100 days work, জুন থেকেই রাজ্যে ফের শুরু হচ্ছে ১০০ দিনের কাজ, নথি যাচাইয়ে পরিচয় পত্র নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, ২৫: ১০০ দিনের কাজের প্রকল্প আবার চালু হচ্ছে বাংলায়। তবে তা আর এখন ১০০ দিনে সীমাবদ্ধ থাকছে না। কর্মসংস্থানের মেয়াদ বেড়ে হচ্ছে ১২৫ দিন। জুনের প্রথম সপ্তাহ থেকে রাজ্যে চালু হতে চলেছে “জি রাম জি” নামের এই প্রকল্প। সোমবার নবান্নে সমস্ত দপ্তরের সচিবদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই এই প্রকল্প চালুর সবুজ সংকেত দেওয়ার পাশাপাশি একাধিক কড়া নির্দেশও দিয়েছেন তিনি।

প্রশাসনিক সূত্রে খবর, নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে এই নতুন প্রকল্পে যারা কাজ পাবেন তাদের আইনি পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ও ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। নথির ক্ষেত্রে কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না।

এখানেই শেষ নয়। কড়া প্রশাসনিক বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বিগত দিনে রাজ্যের যে সমস্ত জেলায় ১০০ দিনের কাজের প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই সব জেলার পুরনো নিয়ম ও দুর্নীতির খতিয়ান নতুন করে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।

১০০ দিনের কাজের প্রকল্পকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও কেন্দ্রের মোদী সরকারের মধ্যে দীর্ঘ সময় ধরে টানাপোড়েন চলেছে। কেন্দ্রের অভিযোগ ছিল, তৃণমূল জমানায় এই প্রকল্পে বাংলায় ব্যাপক আর্থিক দুর্নীতি ও জব কার্ডের রমরমা হয়েছিল। এই দুর্নীতির কারণে টাকা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। অন্যদিকে বকেয়া টাকা আটকে রেখে বাংলার মানুষকে বঞ্চিত করার অভিযোগ তুলে সরব হয়েছিল তৎকালীন শাসক দল।

পরবর্তীতে ১০০ দিনের কাজের বিকল্প হিসেবে তৃণমূল সরকারের আমলে নিজস্ব উদ্যোগে কর্মশ্রী প্রকল্প শুরু করা হয়। এই প্রকল্পে জব কার্ড হোল্ডারদের বছরে ৫০ থেকে ৭০ দিনের কাজ দেওয়া হয়।

তবে সম্প্রতি কেন্দ্রীয় বাজেটের পর ব্যয় বরাদ্দ সংক্রান্ত আলোচনায় জবাবি ভষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট জানিয়ে দেন, এই প্রকল্প বন্ধ করার কোনো পরিকল্পনা কেন্দ্রের নেই। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর সেই কেন্দ্রীয় প্রকল্পেরই এক বর্ধিত রূপ কার্যকর হতে চলেছে রাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *