মেদিনীপুরে দশ নেতার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ নভেম্বর: আজ রবিবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার নেতৃত্বে নারায়নগড় ব্লকে বিভিন্ন স্তরের ১০ জন নেতা সহ প্রায় পাঁচশ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন। নারায়নগড় ব্লকের ৬ নং অঞ্চল থেকে জেলার এসটি মোর্চার সহ-সভাপতি রামচন্দ্র টুডু, টিপু টুডু, রতন মল্লিক সহ ১০ জন নেতা তৃণমূলের জেলা কার্যালয়ে এসে দলে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, নারায়নগড় ব্লক সভাপতি মিহির চন্দ।

রামচন্দ্র টুডু জানান, তিনি আগে তৃণমূলেই ছিলেন। কিন্তু দলের সঙ্গে তীব্র মতবিরোধ হওয়ায় বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু বিজেপিতে গিয়েও মানুষের জন্য মোটেও কাজ করতে পারছিলাম না। তাই ভুল স্বীকার করে ফের তৃণমূলে ফিরে এলাম। এদিন বিজেপি ছেড়ে আসা নেতা কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা ও রাজ্য নেতা প্রদ্যুৎ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *