প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জের, মুম্বাইতে আত্মঘাতী গাইঘাটার যুবক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ মে: প্রেমের সম্পর্ক অস্বীকার করে ফোন ব্লক করে দেয় প্রেমিকা, তার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক তরুণ।

মুম্বাইতে রহস্যমৃত্যু হল উত্তর ২৪ পরগনার গাইঘাটার সুঁটিয়ার ১৮ বছরের তরুণের। মৃত যুবকের নাম সজলকুমার বিশ্বাস (১৮)। সজল কর্মসূত্রে মুম্বইতে থাকতো। শুক্রবার তার মৃত্যুর খবর পান সজলের আত্মীয়রা। পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কে টানাপড়েনের জেরেই আত্মঘাতী হয়েছে সজল। দীর্ঘ সাত বছর ধরে তাদের সম্পর্ক ছিল।

সজলের পরিবার সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। তার পরিবারের দাবি, সুঁটিয়ারই বাসিন্দা এক তরুণীর সঙ্গে সজলের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল৷ মুম্বাইতে থেকেই প্রতিদিন তরুণীর সঙ্গে যোগাযোগ রাখতো সজল। সম্প্রতি ওই তরুণী সজলকে জানায় যে, তার অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। তাই সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। এরপরই সজলের ফোন নম্বর ব্লক করে রাখে ওই তরুণী। এতো বড় ধাক্কা মেনে নিতে না পেরে মুম্বাইতেই সজল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে তাঁর পরিবারের দাবি।

মৃত তরুণের মা বলেন, দীর্ঘ সাত বছর ধরে ওই মেয়েটির সঙ্গে সম্পর্ক। আমাদের বাড়িতে অনেক বার এসেছে। আমি বাড়িতে না থাকলেই মেয়েটি এসে ছেলের জন্য রান্নাবান্না করে দিত। আমরাও তাদের সম্পর্ক মেনে নিয়েছিলাম। তা সত্ত্বেও অন্যত্র বিয়ে করার সিদ্ধান্ত ও কী করে নিল জানি না। ও আমার ছেলের ফোন নম্বরও ব্লক করে দিয়েছিল। আমাকে ছেলে বলেছিল, ‘মা আমাকে ও ব্লক করে দিয়েছে।’’ এর পরই ছেলে আত্মহত্যা করেছে।’’ শেষ বারের মতো মায়ের সঙ্গে কথা হয়েছিল শুক্রবার বেলা দু’টো নাগাদ। শনিবার সকালে ছেলের সঙ্গীরা খবর দেয় সজল আর নেই।

যদিও ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে জানায়, সজলের সঙ্গে তাদের মেয়ের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তাদের শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *