রবীন্দ্রনাথকে ছেড়ে যোগী আর রামদেব? বিজেপি শিবিরকে আক্রমণ সায়নীর

রাজেন রায়, কলকাতা, ১৮ জুলাই: শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে বাঙালি বরণীয় ব্যক্তিত্বদের স্থান কেমন, তার নজর রাখছে তৃণমূল। সম্প্রতি জানা গিয়েছে, উত্তরপ্রদেশ শিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের অনুবাদ বাদ পড়েছে। সেই জায়গায় পাঠ্য বইতে যুক্ত হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও বাবা রামদেবের লেখা। এই প্রসঙ্গে বিজেপিকে টুইট করে আক্রমণ করলেন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ।

সায়নী তার টুইটে লিখেছেন, “এটাই হল বিজেপি। বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, সেটা নিতে পারছে না। তাই উত্তরপ্রদেশের স্কুলের পাঠ্যসূচি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়েছে। প্রতিহিংসাপূর্ণ, অসম্মানজনক ও কুখ্যাত। উত্তরপ্রদেশের মানুষের জন্য করুণা হচ্ছে যাঁরা একজন আসল গুরুদেবকে হারিয়ে পেলেন নকল বাবাজি ও যোগীজিকে।”

এতদিন পাঠ্যসূচিতে ছিল ‘ছুটি’ গল্পের ইংরেজি অনুবাদ ‘দ্য হোম কামিং। যোগী আদিত্যনাথের রাজ্যে দ্বাদশ ও দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে রাধাকৃষ্ণণের লেখাও বাদ পড়েছে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণের প্রবন্ধ ‘দ্য উইমেনস এডুকেশন’-ও বাদ পড়েছে। দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ গিয়েছে সরোজিনী নাইডুর কবিতা ‘দ্য ভিলেজ সং’ এবং রাজাগোপালাচারির রচনা। দ্বাদশ শ্রেণির ইংরেজির সিলেবাস থেকে বাদ পড়েছে আর কে নারায়ণের গল্প ‘অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে’, মুকুল আনন্দের ‘দ্য লস্ট চাইল্ড’।

এর আগে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়েও মোদী সরকারকে কটাক্ষ করেছিলেন সায়নী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *