আমাদের ভারত, কলকাতা, ১২ মে: রাজ্যপালের কাছে ভোট পরবর্তী হিংসা বন্ধের আবেদন জানাল যোগক্ষেম নামে একটি সংস্থা। আজ সংগঠনের সভানেত্রী মহুয়া ধর, সম্পাদক নির্মাল্য ভট্টাচার্য এবং সুমনা ঘোষ রাজ্যপালের সঙ্গে দেখা করে ১২৫ জন বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষরিত একটি আবেদনপত্র তাঁর হাতে তুলে দেন। তাদের দাবি অবিলম্বে রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ করা হোক।
সমাজের বিভিন্ন স্তরের ১২৫ জন বিশিষ্ট জনের স্বাক্ষরিত একটি আবেদনপত্রে বলা হয়েছে, ২ মে ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে সাম্প্রদায়িক হিংসা চলছে। ৫ মে সরকার গঠনের পরও সেই সন্ত্রাস অব্যাহত রয়েছে। তাদের অভিযোগ, রাজ্যের সর্বত্র একটা সন্ত্রাসের বাতাবরণ চলছে। তাঁদের বক্তব্য, একই সঙ্গে দেশের আরও তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে, কিন্তু সেখান থেকে অসহিষ্ণুতার একটি ঘটনাও জানা যায়নি। অথচ পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, খুন ধর্ষণ এবং গুম করা হচ্ছে।
তাদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে বিশেষ একটি রাজনৈতিক সম্প্রদায়ের দুর্বৃত্তদের ব্যবহার করা হচ্ছে। রাজ্যটা এখন আইনভঙ্গকারী, উস্কানিদাতা, অপরাধী, সমাজবিরোধী এবং গোঁড়া মৌলভীদের দখলে চলে গেছে। তারাই বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর হামলা করছে। রাজ্যজুড়ে পাশবিক বিশৃংখলার পরিবেশ সৃষ্টি করেছে। হায়নার মত ঝাঁপিয়ে পড়ে বিরোধীদের হত্যা করছে, তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে এবং ধর্ষণ করা হচ্ছে। সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ এবং পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন আবেদনকারীরা।

