নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১২ মে: বাংলায় কংগ্রেসের ভরাডুবির জন্য প্রদেশ কংগ্রেস নেতাদের কাছ থেকে রিপোর্ট চাইলেন সোনিয়া গান্ধী। আগামী দুই সপ্তাহের মধ্যে দিল্লিতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি। রিপোর্ট তৈরি করা নিয়ে কমিটিও গঠন করে দিয়েছেন সোনিয়া গান্ধী।
বাংলায় ভরাডুবির জন্য কারা দায়ী। তার কারণ খুঁজতে চাইছেন সোনিয়া গান্ধী। একটি আসনও না পাওয়াটা একেবারেই প্রত্যাশিত নয় কংগ্রেস হাইকমান্ডের কাছে। কেন বাংলায় এমন হাল। তার কারণ খুঁজতে কমিটি গঠন করলেন সোনিয়া গান্ধী। প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে একটি আসনও পায়নি কংগ্রেস। গতবার বাংলায় প্রধান বিরোধী দল ছিল কংগ্রেস। মালদা, মুর্শিদাবাদে কেন এমন পরাজয় তা খতিয়ে দেখতে চাইছেন সোনিয়া গান্ধী। পাশাপাশি উত্তরবঙ্গে দলের ভরাডুবি নিয়ে হতাশ তিনি। সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে হয়তো প্রদেশ কংগ্রেসে রদবদল ঘটাতে পারে এআইসিসি। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অধীর চৌধুরীকে সরাতে পারে দিল্লি। তবে তার আগে দিল্লি পরাজয়ের ময়নাতদন্তের রিপোর্টটি দেখে নিতে চাইছেন।

