আমাদের ভারত, কলকাতা, ১১ মে: আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানাবে রাজ্যের বিশিষ্ট সচেতন নাগরিকদের সংগঠন যোগক্ষেম। আগামীকাল সংগঠনের পক্ষ থেকে বেলা ১১টায় রাজ্যপালের সঙ্গে দেখা করে এব্যাপারে তাঁর দৃষ্টি আকর্ষণ করবেন।
সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে নির্মাল্য ভট্টাচার্য এবং সুপরাজ ঘোষ অভিযোগ করেছেন, ২রা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। রাজ্য এক আত্মঘাতী দাঙ্গার মধ্য দিয়ে চলছে। নির্যাতিত এবং অত্যাচারের শিকার হয়েছেন লক্ষ লক্ষ গরিব মানুষ। তাদের অভিযোগ, রাজ্যের আইন শৃঙ্খলা এখন সমাজবিরোধী এবং গোঁড়া মৌলভীদের দখলে চলে গেছে। রাজনৈতিক প্রতিপক্ষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের খুন করা হচ্ছে; এমনকি মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। তাদের অভিযোগ, আইন-শৃংখলার এই অবনতি সত্বেও রাজ্য সরকারের প্রশাসন নির্বিকার, নির্লিপ্ত। এই অভিযোগে আগামীকাল বুধবার যোগক্ষেমের পক্ষ থেকে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করে তাঁর দৃষ্টি আকর্ষণ করবেন।

