ইয়াশের সতর্কতা, ছুটি বাতিল করল পুরসভা

আমাদের ভারত, সোনারপুর, ২২ মে: পুরসভার সমস্ত কর্মীর এক সপ্তাহের জন্য ছুটি বাতিল করল রাজপুর সোনারপুর পুরসভা৷ সোমবার থেকেই পুরসভার সমস্ত কর্মীর জন্য এই নিয়ম লাগু হবে বলে জানিয়ে দিলেন পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান পল্লব দাস৷ পাশাপাশি পুরসভায় ২৪ ঘণ্টার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভা।

আমফান ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই পুরসভা কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ করছে৷ পানীয় জল ও বিদ্যুত পরিষেবা যাতে বিঘ্ন না হয় তারজন্য প্রয়োজনীয় কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ঝড়ের জেরে গাছ পড়ে গেলে তা যাতে দ্রুত সরিয়ে দেওয়া যায় তারজন্যও প্রস্তুত পুরসভা৷ একাধিক পেট্রোল চালিত কাটার কেনা হয়েছে এরজন্য৷ এছাড়া কেটে সরানোর জন্য জেসিপিও ভাড়া নেওয়া হয়েছে৷ সেফ হোমে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় থাকে সে জন্য ইতিমধ্যেই জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে৷ এছাড়া সোনারপুর গ্রামীণ হাসপাতাল সহ অন্যান্য জায়গায় যেখানে ভ্যাকসিন রয়েছে সেগুলি যাতে সুরক্ষিত থাকে তারজন্যও যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক ডঃ পল্লব দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *