সাথী দাস, পুরুলিয়া, ৩১ মে: জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব তামাক বর্জন দিবস উদযাপন করছে জেলা স্বাস্থ্য দফতর। আজ পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর চত্বর থেকে একটি ট্যাবলো বের হয়। তামাক ও তামাকজাত দ্রব্য বর্জন এবং নেশা মুক্তির উপায় নিয়ে প্রচার অভিযান চলে ওই ট্যাবলোয়। এছাড়া একটি সেমিনার হয় এই বিষয়ের উপর।

এবারের বিষয় ‘কমিট টু কুইট’। বিষয় ভিত্তিক কর্মসূচির মধ্যে উল্লেখ যোগ্য হল, তামাক ও তামাকজাত দ্রব্য বর্জন করার জন্য শপথ নেওয়া হয়। শপথে নিজে শুধু নয় পরিজন পরিচিতদেরও এই নেশা থেকে মুক্ত করার জন্য উদ্যোগী হওয়ার কথা বলা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. অনিল দত্ত ও অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা।

