বিজেপির ফেল করা জেলা সভাপতিদের সরিয়ে সংগঠনে রদবদল শুরু করবে রাজ্য নেতৃত্ব

নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ৩১ মে:
বিধানসভা ভোটে ফেলকরা জেলা সভাপতিদের সরাতে যায় বিজেপি। দলীয় সূত্রে খবর কয়েকদিনের মধ্যেই ৯টি জেলার জেলা সভাপতিদের সরানো হবে। একই ভাবে সরানো হতে পারে জেলা পর্যবেক্ষকদের।

রাজ্যের বহু জেলায় সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি বিজেপি। তারমধ্যে উত্তর ও দক্ষিণ কলকাতা রয়েছে। উত্তর এবং দক্ষিণ কলকাতার দুই সাংগঠনিক জেলার জেলা সভাপতিকে সরানোর তীব্র দাবি উঠেছে দলে। একইভাবে রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা উত্তর শহরতলি, বারাসত সহ একাধিক সাংগঠনিক জেলা।

জঙ্গলমহলের ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতিকে সরানোর আওয়াজ উঠেছে দলের মধ্যে। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সভাপতিদের ভোটের কাজে খুশি নয় বিজেপি। সামনে পুরভোট ও পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা ভোট। তার আগে দলকে গুছিয়ে না তুলতে পারলে সমূহ বিপদ। এটা ভালো করেই বুঝতে পারছেন রাজ্য বিজেপি নেতারা। ২০১৯ লোকসভা নির্বাচনে ১৮ টি আসন পেয়ে রাজ্য রাজনীতিতে চর্চায় উঠে এসেছিল বিজেপি। এবারের বিধানসভায় হারটা রাজ্যের রাজনৈতিক মাটিতে বিজেপিকে অনেকটাই কোণঠাসা করেছে। এই অবস্থা থেকে সংগঠনিক রদবদল করে বিজেপি বের হতে চাইবে এটাই স্বাভাবিক।

এইজন্য সবার আগে ভোটে ফেল করা জেলা সভাপতিদের সরিয়ে সংগঠনে ঝাঁকুনি দিতে চাইছে বিজেপি। করোনা পরিস্থিতি মিটলেই হবে রাজ্য কমিটির বৈঠক। সেই বৈঠকে ফেল করা সভাপতি ও জেলার পর্যবেক্ষকদের সরানোর বিষয়টি উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *