উলুবেড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে নির্দল প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

আমাদের ভারত, হাওড়া, ১২ ফেব্রুয়ারি: রাজ্যের ১০৭ টি পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। আর এই শেষ দিনেই উলুবেড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী তৃণমূলের বিদায়ী কাউন্সিলর কাজী মনোয়ারা তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন। শুধু তাই নয় পৌরসভার ৫ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সানিয়া খাতুনও তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

অন্যদিকে শনিবার দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় উলুবেড়িয়া পৌরসভার ৩২ টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা দাঁড়াল ১৩০।

উলুবেড়িয়া পৌরসভার ৩২ টি ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরই বেশ কয়েকটি ওয়ার্ডের প্রার্থী নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। বিশেষ করে ৭ নং ওয়ার্ডের প্রাথী হাফিজুর রহমানকে মানতে রাজি হয় না ওয়ার্ডের তৃণমূলের একাংশ কর্মী সমর্থক। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখায় তারা। যদিও তাতে তৃণমূল নেতৃত্ব প্রার্থী বদল না করায় গত মঙ্গলবার এই ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর কাজী মনোয়ারা। ৭ নং ওয়ার্ডে দুই তৃণমূলের লড়াই নিয়ে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। যদিও শনিবার সমস্ত জল্পনায় জল ঢাললেন কাজী মানোয়ারা। এদিন তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন। কাজী মানোয়ারার দাবি, আমার প্রতিবাদ ছিল প্রার্থীর বিরুদ্ধে। দলের বিরুদ্ধে নয়। আর দলকে ভালোবাসায় আজ আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম।

অন্যদিকে কাজী মানোয়ারার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুনাভ সেন।

অপরদিকে ৫ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তার নাম প্রত্যাহার করা প্রসঙ্গে কংগ্রেস নেতা আলম দেইয়ান অভিযোগ করেন শাসকদলের ক্রমাগত হুমকিতে তাদের প্রার্থী নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *