আমাদের ভারত, ৩১ মার্চ:অনেকটাই কমেছে করোনার বাড়বাড়ন্ত। সেই কারণেই এবার কোভিড নিয়ন্ত্রণ বিধি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে নবান্ন।
বৃহস্পতিবার পর্যন্ত করোনা নিয়ন্ত্রণ বিধি লাগু ছিল রাজ্যে। নবান্নের তরফে আজ নোটিশ জারি করে জানানো হয় বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে তাই আর ২০২০ সালের বিপর্যয় মোকাবিলা আইন মোতাবেক যে যে বাড়তি নিয়ম জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো।
নবান্নের নোটিশে বলা হয়েছে রাস্তায় মাস্ক পরা, বারবার হাত ধোয়ার অভ্যাস বজায় রাখতে হবে। এছাড়াও পাবলিক প্লেস গুলিতে নিয়মিত স্যানিটাইজ করতে হবে। নবান্নের নির্দেশিকা অনুযায়ী আগামী ১ এপ্রিল দু’বছর ধরে চলা বাকি করোনা সংক্রান্ত বিধি নিষেধ আর থাকছে না। অফিস কাছারি গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রেক্ষাগৃহ, সিনেমা হল, শপিং মল স্যাঁলো, স্পা, স্পোর্টস কমপ্লেক্সের জন্য আংশিক নিষেধাজ্ঞা উঠে গেল।
সব কর্মক্ষেত্র গুলিকে নিয়মিত স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দূরত্ব বিধি মেনে চলতে বলা হয়েছে। সবকটি ক্ষেত্রেই ১০০% উপস্থিতি রাখা সম্ভব। এছাড়া উঠে যাচ্ছে রাত্রিকালীন বিধি-নিষেধের করাকরিও। বিপর্যয় মোকাবিলা আইন প্রয়োগ করতে পারবে না পুলিশ। তবে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক ও পুলিশ কমিশনার সহ স্থানীয় প্রশাসনকে।
বুধবারে সন্ধ্যের হিসেব অনুযায়ী রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৭ জন, সুস্থ হয়েছেন ৬৬ জন। করোনায় মৃত্যু শূন্য। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট ০.২৫%।

