আমাদের ভারত, ৪ জানুয়ারি: নির্ধারিত সূচি মেনেই হবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বুধবার শিশির মঞ্চ থেকে এই কথা ঘোষণা করলেন পরিচালক অরিন্দম শীল। জানানো হয়েছে, ৫০ শতাংশ দর্শকাসন নিয়ে নির্ধারিত সময়েই হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
আগামী ৭ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বছর সত্যজিৎ রায়কে শতবর্ষের শ্রদ্ধা জানানো হবে। প্রতি বছরের মতো এবছরও থাকছে একাধিক নয়া চমক। দেশ-বিদেশের বিখ্যাত চলচ্চিত্র দেখানো হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। করোনা নির্দেশিকা মেনে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমেই আয়োজিত হবে চলচ্চিত্র উৎসব।
জানা গিয়েছে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর ওপর তথ্যচিত্র ‘আমি সৌমিত্র’ প্রথমবার প্রদর্শিত হবে। ১০ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় ছবিটি দেখানোর কথা। সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত ‘আমি সৌমিত্র’ তথ্যচিত্রটির পরিচালক হিসেবে আছেন সৌমিত্র- কন্যা পৌলোমী বসু।

