২৪-এ লোকসভার সাথে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কেন, জানালেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১০ আগস্ট: তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়লেও ২৬ পর্যন্ত এই সরকার টিকবে না এমনটাই বার বার বলেছেন বিজেপি নেতারা। তাদের বলতে শোনা গেছে, ২৪ এ লোকসভা ও বিধানসভা ভোট হবে একসাথে। পার্থ কাণ্ডের পর সেই বিষয়টি আরও জোরদার ভাবে বলতে শুরু করেছেন তারা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একেবারে যুক্তি দিয়ে বোঝানো চেষ্টা করছেন কেন ২৪ এই হবে বিধানসভা নির্বাচন।

দিল্লিতে নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “রাজ্য সরকারের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে রাজ্য মন্ত্রিসভার যে কেন্দ্রীয় চরিত্রগুলি রয়েছে তার মধ্যে অন্যতম পার্থ চট্টোপাধ্যায়। তিনি এই মুহূর্তে জেলে। এরপরে শুনতে পাচ্ছি অনুব্রত মণ্ডলকে ইডি সিবিআই ডাকছে। এদিকে আপনারও দেখছেন কলকাতা হাইকোর্টে ১৯ জন বাঘা বাঘা তৃণমূল কংগ্রেস নেতা, যাদের মধ্যে কয়েকজন আবার এই মুহূর্তে আমাদের মধ্যে নেই। তাদের নামে আয় বহির্ভূত সম্পত্তি মামলা হয়েছে। সেই মামলায় ইডি যুক্ত হয়েছে। কারো কারো সম্পত্তি ২০০ শতাংশেরও বেশি বেড়েছে শেষ কয়েক বছরে। স্বাভাবিকভাবেই এদের যদি তদন্ত হয়, তাহলে এদের অর্ধেকেরও বেশি জেলে থাকবে। স্বাভাবিকভাবেই সেই সরকার থাকবে না। আর সরকার যদি না থাকে তাহলে ২৪-এ লোকসভা বিধানসভা নির্বাচনে একসাথে হবে।”

২৪ এর আগেই কি তৃণমূল সরকার পরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে? ঠিক যেমন মহারাষ্ট্রে হয়েছে। এই প্রসঙ্গে বঙ্গ বিজেপি সভাপতি বলেন, “মহারাষ্ট্রের মতো ঘটনা এখানে ঘটবে কিনা তা নির্ভর করছে মহারাষ্ট্রের মত একনাথ শিণ্ডে এখান থেকে বেরোবে কিনা তার ওপর।” সুকান্ত বলেন, “দেখা যাক মহারাষ্ট্রের মতো এখানে কোন শিণ্ডে জন্ম নেয় কিনা।”

বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যকে যথেষ্ট ইঙ্গিত পূর্ণ বলে মনে করা হচ্ছে। তার এই মন্তব্যের প্রেক্ষিতে জল্পনা তুঙ্গে উঠেছে, মে তাহলে কি বঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গে একনাথ শিণ্ডেকে পেয়ে গেছে? নাকি একধার শিণ্ডের সন্ধান চলছে?এই প্রশ্নের উত্তর সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *