জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: নির্বাচন পর্বে সবং সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে পুলিশ। সেইমতো সবং থানার পুলিশও শুক্র ও শনিবার দশটি বোমা নিষ্ক্রিয় করেছে। এবারের বিধানসভা নির্বাচনের আগে এলাকায় শান্তি ফেরাতে ও ভোটের কাজ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে কয়েকশো বোমা উদ্ধার করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। জেলার পনেরোটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া এসব বোমা প্রথম ও দ্বিতীয় দফায় নির্বাচন চলাকালীন সংশ্লিষ্ট থানাগুলিতে মজুদ করে রাখা হয়।

জঙ্গলমহলে নির্বাচন দু’দফায় শেষ হওয়ার পর উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার কাজে নেমেছে পুলিশ প্রশাসন। গতকাল থেকে শুরু হয়েছে এই বোমা নিষ্ক্রিয় করার কাজ। আজ দ্বিতীয় দিনে দশটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।

