স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৬ আগস্ট: শুধু শহিদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করেই আমরা থেমে থাকি না। প্রতিটি শহিদ পরিবারের সাথে দেখা করে তাদের সুখ ও দুঃখের ভাগীদার হই আমরা। তাই এই শহিদ সন্মান যাত্রার মাধ্যমে দলের পক্ষ থেকে বিজেপির প্রতিটি শহিদ পরিবারের বাড়িতে গিয়ে তাদের সমস্যা সমাধান করছি।” বিজেপির উত্তরবঙ্গের শহিদ সন্মান যাত্রার দায়িত্বে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক রায়গঞ্জ শহরে এসে এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করলেন।
তিনি বুধবার উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে শহিদ সন্মান যাত্রায় অংশ নেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় সহ জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব। বুধবার শহিদ সন্মান যাত্রা শেষ করে বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয়ে শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বলেন, গত ১৭ আগস্ট থেকে বিজেপির শহীদ সন্মান যাত্রা শুরু হয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, দক্ষিন দিনাজপুরের পর বুধবার উত্তর দিনাজপুর জেলায় প্রবেশ করেন তিনি। বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ রায়গঞ্জ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর শহিদ সন্মান যাত্রা ইসলামপুরের উদ্দেশ্যে রওনা হয়।

