আমাদের ভারত, ১৪ জুলাই: প্রকল্প চালু হবার প্রথম দিনেই শিয়ালদা থেকে মেট্রোয় সল্টলেক সেক্টর ফাইভ গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের পেছনে সিআইডি পুলিশ যাই লাগিয়ে দিক না কেন তৃণমূল সরকার, তাতে তারা ভয় পান না। “খাবও না খেতেও দেবো না” এই নীতিতে তারা বিশ্বাসী।
সাংবাদিকরা তাকে মহারাষ্ট্রের শিন্ডে সরকারের পেট্রোল-ডিজেলের দাম কমানোর কথা বলতেই তিনি বলেন, “শুধু এটুকুই বলবো পশ্চিমবঙ্গে যখন বিজেপি সরকার আসবে তখন পেট্রোল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়ে দেবে, যার ফলে বাংলাতেও পেট্রোল-ডিজেলের দাম কমবে।”
কয়লা পাচার প্রসঙ্গে সিবিআই তদন্তের কথা বলতে গিয়ে সুকান্ত বলেন, কয়লা পাচার কান্ডে ইসিএলের ম্যানেজার ও কর্মীরা গ্রেপ্তার হয়েছেন। তদন্তের গতি প্রকৃতি বাইরে থেকে যা দেখছি এবং বুঝতে পাচ্ছি তাতে তদন্ত প্রায় শেষের দিকে। সিবিআই ইডি এবার জাল গুটাতে শুরু করেছে। আর জাল গোটানা হলে মাছ ধরা পড়বেই। ছোট-বড় রাঘব বোয়াল সবাই ধরা পড়বে।”
সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তার পাল্টা হিসেবে রাজ্য সিআইডি দিয়ে বঙ্গ বিজেপিকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “আমরা ভয় পাচ্ছি না। সিআইডি লাগাচ্ছে লাগাক। আমরা এও জানতে পেরেছি আমাদের পরিবারের যারা চাকরি-বাকরি করেন তাদের ফাইল দেখা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, সিআইডি থেকে শুরু করে যা যা আছে তা দিয়ে আমাদের অবৈধ সম্পত্তির কি কি আছে না আছে দেখে নিন। কিন্তু আমরা বুক থেকে বলতে পারি, না খাবো, না খেতে দেবো- এই নীতিতে আমরা বিশ্বাস করি। মমতা ব্যানার্জির পুলিশকে আমরা ভয় পাই না”।

