স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩১ মার্চ: “আমরা কেউ গণৎকার নই, আমরা প্ল্যানচেট করতেও পারি না, পুলিশ প্রশাসনও পারে না, যে আগে থেকে ঘটনা বা দুর্ঘটনার কথা জানতে পেরে প্রয়োজনীয় ব্যাবস্থা নেবে। ঘটনা ঘটার পরে পুলিশ প্রশাসনের যা ব্যাবস্থা করার তা করেছে।” রায়গঞ্জ শহরে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।
রায়গঞ্জ শহরের বিধানমঞ্চে বিধবা ভাতা ও অন্যান্য পরিষেবা দেওয়ার অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন, উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার, করণদিঘির বিধায়ক গৌতম পাল, ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী সহ রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।
সরকারি অনুষ্ঠান শেষে রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এখন বগটুইয়ের ঘটনা নিয়ে সিবিআই তদন্ত চলছে। এখন এগুলো বাদ দিয়ে উন্নয়নের কথা বলুন। রাজ্যের ১০ লক্ষ মহিলাকে নতুন করে বিধবা ভাতা প্রকল্প দেওয়া হচ্ছে।

