সাথী দাস, পুরুলিয়া, ২৬ মার্চ: আগামীকাল প্রথম দফায় পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রে ভোগ্রহণ। জেলাজুড়ে এখন ভোট উৎসবের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই ভোট কর্মীরা বুথে পৌঁছে গিয়েছেন। জেলায় মোট ২৪৯১টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। মোট ১৮৭ কোম্পানি কেন্দ্রীয় মোতায়েন থাকছে ভোটগ্রহণ কেন্দ্রে।

একদিকে বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে আগামীকাল পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। আজ ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোতে হাজার হাজার ভোট কর্মীর ভিড় ছিল। কিন্তু কোরোনা সচেতনতাকে একেবারেই অবজ্ঞা করে ভোটকর্মীরা ছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতা মেনে চলার নির্দেশিকা থাকলেও ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোতে মানা হয়নি কোনও রকম স্বাস্থ্যবিধি। এমনকি জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোতে প্রয়োজনীয় কোরোনা সচেতনতার কোনোরকম ব্যবস্থা নেওয়া হয়নি। কেউ কেউ সচেতনতার কথা মাথায় রেখে মাস্ক ব্যবহার করলেও, অধিকাংশের মুখে মাস্ক ছিল না।


