আমাদের ভারত, ১৫ এপ্রিল:করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। ফলে আগামী ৩ দফার ভোট এক দফায় করার জল্পনা তুঙ্গে ওঠে। কিন্তু রাজ্যের শেষ তিন দফার ভোট এক দফায় করার এই জল্পনা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। তিন দফার ভোট একসঙ্গে করার কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়ে দিয়েছে কমিশন।
আগামী কাল সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। তার আগে জল্পনা ছড়ায় করোনা পরিস্থিতিতে শেষ তিন দফার ভোট একদফায় করতে পারে নির্বাচন কমিশন। এদিন সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করে নতুন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। বৈঠকে সিইও ছিলেন বলেও জানা গেছে। এই বৈঠক তিন দফার ভোট একসঙ্গে করা নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়। অবশেষে কমিশনের পক্ষ থেকে জানানো হলো এই রকম কোনো পরিকল্পনা নেই তাদের।
কমিশন সূত্রে জানানো হয়েছে যে তিন দফার ভোট একসঙ্গে করতে গেলে দেড় হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। কিন্তু এত তাড়াতাড়ি এর বন্দোবস্ত করা সম্ভব নয়। তাই তিন দফার ভোট একসঙ্গে করার কোনও পরিকল্পনা কমিশনের নেই বলে জানানো হয়েছে। বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেও একই কথা জানিয়েছেন।
আগামী কাল করোনা পরিস্থিতিতে ভোট পরিচালনা নিয়ে সর্বদলীয় বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। শনিবার পঞ্চম দফার ভোট গ্রহণের পরেও বাকি থাকছে তিন দফার ভোট। এদিকে দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। ব্যাপকহারে করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যেও। কলকাতার অধিকাংশ হাসপাতালে কোভিড বেডের আকাশ দেখা দিয়েছে। জেলাগুলিতেও ব্যাপক হারে বেড়েছে রোগীর সংখ্যা।
গত বছর এই সময় যেখানে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭০০-৮০০। সেখানে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজার।
এদিন করোনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। এছাড়াও মুর্শিদাবাদের জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী, গোয়ালপোখর তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানী করোনা আক্রান্ত হয়েছেন।
বামেরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে তারা আর কোনো বড় জমায়েত করবে না। ছোট ছোট পথসভা ও বাড়ি প্রচার, ও নেট মাধ্যমে প্রচারে জোর দেবেন তারা। কংগ্রেস অভিযোগ করেছে করোনা পরিস্থিতি নিয়ে কমিশন উদাসীন। তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন টুইট করে বলেছেন তারা শুরুতেই ৮ দফা নির্বাচনের ক্ষেত্রে আপত্তি জানিয়েছিলেন।

