সাথী দাস, পুরুলিয়া, ৬ মার্চ: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাস্তা সংস্কার করলেন গ্রামবাসীরা। প্রশাসনের অবহেলায় পড়ে থাকা বেহাল রাস্তা নিজেরাই সংস্কার করলেন। ঝালদা ২ ব্লকের বামনিয়া ব্যালাডি গ্রাম পঞ্চায়েতের নলকূপি থেকে পাড়ুয়া গ্রামে যাওয়ার পথে ধমনী জোড়ের পাশে প্রায় কয়েকশো মিটার রাস্তা বেহাল হয়ে রয়েছে। নলকূপি ও পাড়ুয়ার গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করা হয়, যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।

এবিষয়ে গ্রামের বিজয় গোস্বামী জানান কাল, “জীবনের প্রথম বড়ো পরীক্ষা মাধ্যমিক দেবে পরীক্ষার্থীরা। যেখানে আমাদের গ্রাম নলকূপি۔ পাড়ুয়া প্রভৃতি গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে। এদিকে বামনিয়া আবার অন্যদিকে বেগুনকুদর চাতমবাড়ি হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাবে। অথচ, যে রাস্তা দিয়ে ছাত্র ছাত্রীরা যাবে সেই যোগাযোগ রাস্তা বেহাল। তাই শেষ পর্যন্ত নিজেরাই রাস্তা সারাইয়ের উদ্যোগ নিলাম।”

বিষয়টি নিয়ে বামনিয়া ব্যালাডি গ্রাম পঞ্চায়েত সদস্য অজিত মাহাতো জানান, “এই রাস্তাটি আগেও সংস্কার করা হয়েছিল। অনুমোদন হয়ে গেছে। রাস্তার কাজ শুরু হবে শীঘ্রই।”
এদিকে গ্রামবাসীদের এই উদ্যোগে খুশি মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকরা।

