আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ জুন: করোনার প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন করা এবং আগামী দিনে তৃতীয় পর্যায় এলে তার মোকাবিলা করার উদ্দেশ্যে শনিবার পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের শ্রমদপ্তরের প্রধান সচিব বরুণ কুমার রায়। উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, পুলিশ সুপার কে অমরনাথ সহ জেলা প্রশাসনের আধিকারিক, বিভিন্ন পুরসভার চেয়ারম্যান এবং প্রশাসক প্রমুখ।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ অনেকটাই কমছে কিন্তু মানুষকে সতর্ক থাকতে হবে। যেখানে যেখানে এখনও আক্রান্ত হচ্ছে সেই জায়গা গুলোকে চিহ্নিতকরণ করে ব্যবস্থা গ্রহণ করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ধারার মধ্যে রয়েছে শূন্য থেকে ১২ বছর পর্যন্ত বাচ্চার মায়েদের কিভাবে ভ্যাক্সিনেশন দেওয়া যায় সেই বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। পূর্ব মেদিনীপুর জেলায় করোনার ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে ৪০ লক্ষ ৪৩ হাজার ৮২৮। যার মধ্যে ২৫ জুন পর্যন্ত মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৩ লক্ষ ১১হাজার ৫১৬জনকে। এই মুহূর্তে জেলায় করোনা রোগীর হার ২.১৪%।

