প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ২ জুলাই: রেল কর্মীদের সুবিধার জন্য শুরু হলো ভ্রাম্যমাণ টিকাকরণ প্রক্রিয়া। বিভিন্ন স্টেশনে গিয়ে অবসরপ্রাপ্ত রেল কর্মীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পূর্ব রেলওয়ের শিয়ালদা শাখার রেল বিভাগের তরফ থেকে একটি ভ্রাম্যমাণ ট্রেনে করে চলছে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ। ট্রেনটির নাম দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ আরোগ্য।
রেলকর্মীদের বিআর সিং হাসপাতালে গিয়ে টিকা দিতে হত সেখানে প্রচন্ড ভিড়ের ফলে উল্টে করোনা সক্রমিত হওয়ার সম্ভবনা দেখা দিচ্ছিল। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত রেল কর্মীদের অনেকটা দূরে যেতে হচ্ছিল, লক ডাউনের ফলে সমস্যায় পড়েন তারা। তাই রেলের কর্মীরা দাবি করেছিলেন এমন একটি ব্যবস্থাপনা যাতে খুব সহজে তারা ভিড় এড়িয়ে টিকা দিতে পারেন। তাদের এই দাবির কথা মাথায় রেখে রেল কর্মী ও অবসরপ্রাপ্ত রেল কর্মীদের করোনা টিকা দেওয়ার জন্য শুরু হয়েছে এই ভ্রাম্যমাণ এই ভ্যাকসিন পরিষেবা। এই আরোগ্য মোবাইল ভ্যাকসিনেশন ইউনিট থেকে একটি আরোগ্য নামক ট্রেন চালু করা হয়েছে। যেটি শিয়ালদহ মেন শাখার বিভিন্ন স্টেশনে গিয়ে রেল কর্মীদের ও অবসরপ্রাপ্ত কর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ করছে।

শুক্রবার এই আরোগ্য ট্রেনটি নৈহাটি এক নম্বর প্লাটফর্মে আসে এবং সেখানের রেল কর্মীদের করোনা টিকাকরণ করা হয়। আগামী দিনেও শিয়ালদহ মেন লাইনের অন্যান্য স্টেশনে ও পৌঁছাবে এই ভ্রাম্যমাণ ভ্যাকসিনেশন পরিষেবা।এই ধরনের পরিষেবা পেয়ে যথেষ্টই খুশী রেল কর্মীরা।

