আমাদের ভারত, ২৯ নভেম্বর: দেশে টিকাকরণের গতি ও টিকার অপ্রতুলতা নিয়ে প্রথম থেকেই মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা। কিন্তু সেই বিরোধীদের শাসিত রাজ্যই টিকাকরণের পিছিয়ে রয়েছে। এবার সেই তথ্য তুলে ধরে বিরোধীদের পাল্টা অস্বস্তিতে ফেলে দিল সরকার। রাজ্যগুলির টিকাকরণের তথ্যে দেখা যাচ্ছে দেশে কংগ্রেস ও তার জোটসঙ্গী শাসিত রাজ্যের তুলনায় অনেক বেশি টিকাকরণ হয়েছে বিজেপি শাসিত রাজ্যে।
টিকাকরণ নিয়ে মোদী সরকারকে বারবার আক্রমণ করছে বিরোধীরা কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, টিকাকরণে পিছিয়ে আছে কংগ্রেস শাসিত রাজ্যগুলি। সোমবার সরকারি সূত্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, কংগ্রেস ও কংগ্রেসের জোট সঙ্গীদের দখলে থাকা রাজ্যগুলির মধ্যে প্রথম দুটি ডোজের টিকাকরণ সবচেয়ে বেশি হয়েছে রাজস্থানে। দ্বিতীয় ডোজে টিকাকরণ সবচেয়ে বেশি হয়েছে ছত্রিশগড়ে। রাজস্থানের প্রথম ডোজ পেয়েছেন ৮৪.২ শতাংশ, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৬.৯ শতাংশ। ছত্রিশগড়ে প্রথম ডোজ পেয়েছেন ৮৩.২ শতাংশ দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৭.২ শতাংশ। এছাড়াও ঝাড়খন্ড, পাঞ্জাব মহারাষ্ট্র, তামিলনাড়ু কোনও রাজ্যেই প্রথম ডোজ ৯০% এবং দ্বিতীয় ডোজ ৫০% পার করতে পারেনি।
অন্যদিকে সাতটি বিজেপি শাসিত রাজ্যে করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন ৯০% মানুষ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫০% মানুষ। ১০০% টিকাকরণ সেরে ফেলেছে গোয়া, হিমাচলপ্রদেশ। ৯০ শতাংশের মধ্যে রয়েছে গুজরাট, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা। ৮০% এর উপর প্রথম ডোজ নিয়েছে অসম, ত্রিপুরা। এই সব কটি রাজ্যে ৫০ শতাংশের বেশি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন।

