ইঞ্জিনিয়ারিং এ সুযোগ পাওয়ায় শালতোড়ার দরিদ্র মেধাবী ছাত্রকে আর্থিক সহায়তা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ নভেম্বর: এবছর সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য লাভ করেছে শালতোড়ার পাবড়া গ্ৰামের দরিদ্র মেধাবী ছোটন কর্মকার। দরিদ্র পরিবারের হকারের পুত্র এই মেধাবী ছাত্র আর্থিক অনটনে জেরবার। এই ছাত্রকে সাহায্য করতে এগিয়ে এলেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

জেলার প্রত্যন্ত গ্ৰাম পাবড়ার অধিবাসী ছোটন কর্মকার এবছর খড়্গপুর আইআইটি’তে ইন্ড্রাস্টিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পেয়েছে। ছোটনের পিতা কানাই কর্মকার গ্ৰামে গ্ৰামে হকারি করে সংসার চালান। তার পক্ষে ছেলের পড়াশোনার খরচ চালানো দুষ্কর।
ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পেলেও অর্থাভাবে সে সুযোগ প্রায় চলে যাবার উপক্রম। তা জানতে পেরে এলাকার সমাজ দরদী এক শিক্ষক সাহায্যের হাত বাড়িয়ে দেন। খড়্গপুর
আইআইটিতে ভর্তির টাকা ও ট্রেনের টিকিট তুলে দেন তিনি। এছাড়াও এলাকার কিছু মানুষ ও সাহায্য করেন তাকে।

ছোটনের সাফল্য ও আর্থিক অনটনের কথা জানতে পেরে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার। আজ তার কার্যালয়ে এক অনুষ্ঠানে ছোটনের বাবা কানাই কর্মকারের হাতে দশ হাজার টাকার চেক তুলে দেন। পাশাপাশি খড়্গপুর আইআইটিতে পড়াশোনা বাবদ ফি কমানোর ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। আজকের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কানাই বাবুর এলাকা শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি।

শিক্ষা প্রতিমন্ত্রীর এই আশ্বাস ও সাহায্যে আপ্লুত কানাই বাবু বলেন, তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। কৃতি ছেলের সাফল্যে উৎফুল্ল কানাই বাবু বলেন, ছেলে জীবনে প্রতিষ্ঠিত হলেই তা সার্থক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *