রায়গঞ্জে প্রধান ডাকঘরের ভার্চুয়ালি উদ্বোধন করলেন কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিং চৌহান

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ নভেম্বর: দীর্ঘদিনের দাবি পূরণ। স্বতন্ত্র ভাবে প্রধান ডাক কার্যালয়ে রুপায়িত হল রায়গঞ্জে অবস্থিত মুখ্য ডাকঘর। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে শহরে প্রধান ডাকঘরের সূচনা হল। ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিং চৌহান।

অন্যদিকে রায়গঞ্জ প্রধান ডাকঘর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী, পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য ডাক আধিকারিক জে. চারুকেশী। উদ্বোধনের পর এদিন ভার্চুয়ালি বক্তব্য রাখেন যোগাযোগ প্রতিমন্ত্রী। প্রসঙ্গতঃ পশ্চিম দিনাজপুর জেলা বিভক্তিকরণের পর দীর্ঘ বছর পেরিয়ে গেলেও প্রধান ডাকঘর সেই বালুরঘাটেই থেকে যায়। যার জেরে ডাক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে উত্তর দিনাজপুরের মানুষকে সমস্যায় পড়তে হত। চোপড়া-ইসলামপুরের মানুষকে প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করে বালুরঘাটে গিয়ে কাজ করতে হত। এর ফলে একদিকে সময় ও অপরদিকে অর্থের অপচয় হত। সেদিকে তাকিয়ে রায়গঞ্জে পৃথক প্রধান ডাকঘর গঠনের উদ্যোগ নেন সাংসদ দেবশ্রী চৌধুরী। সাংসদ বলেন, সংশ্লিষ্ট মন্ত্রকে আবেদন জানিয়ে শেষমেশ এই উদ্যোগ সফল হয়।

এদিকে রায়গঞ্জে প্রধান ডাকঘর স্থানান্তরিত হওয়ায় খুশী জেলাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *