নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩১ মার্চ:
পরাজয়ের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের ভয় দেখাতে শুরু করেছেন। বুধবার কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে এই অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে তিনি এদিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হন।
উল্লেখ্য, কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা বলছেন কেন্দ্রীয় বাহিনী আর কয়েক দিন থাকবে। তারপর রাজ্য পুলিশ সবটা সামলাবে। তাই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় বড় কথা ঠিক নয়। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, পরাজয়ের ভয়ে দেখাচ্ছে তৃণমূল। ভয়ের পাশাপাশি অসংলগ্ন কথা বলছে রাজ্যের শাসক দল। ভোট নিয়ে তারা মিথ্যে কথা বলছেন বলে অভিযোগ করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। ধর্মেন্দ্র প্রধান বলেন, তৃণমূল নেত্রী’ বলছেন বিজেপি বহিরাগত নিয়ে এসেছে। আপনার কাছে যদি প্রমাণ থাকে তাহলে তাদের জেলে পুড়ে দিন। আসলে তিনি তা পারবেন না। তাই মিথ্যে কথা বলে ভোটারদের প্রভাবিত করতে চাইছেন বলে অভিযোগ করেন ধর্মেন্দ্র প্রধান।

