ভয়াবহ আফগানিস্তান! মাঝ আকাশে বিমান থেকে পড়ে যাচ্ছে একের পর এক মানুষ, দেশ ছাড়তে বিমানের চাকায় ঝুলছে আফগানিরা

আমাদের ভারত, ১৬ আগস্ট: ক্রমশ খারাপ হচ্ছে কাবুলের পরিস্থিতি। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দুটি ভিডিও দেখে শিউরে উঠছেন নেটাগরিকরা। ভিডিওতে দেখা যাচ্ছে দেশ ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে কাতারে কাতারে মানুষের ভিড়। অন্য একটি ভিডিও আরও ভয়ঙ্কর। যাতে দেখা যাচ্ছে মাঝ আকাশে বিমান থেকে পড়ে যাচ্ছেন বেশ কিছু মানুষ।

জানা গিয়েছে, বিমানের চাকা ধরে তারা কোনওক্রমে দেশ ছাড়তে চাইছিলেন। মাঝ আকাশে বিমান থেকে পড়ে যান বহু মানুষ। বিমানের চাকাতেও পিষে গিয়েছেন বহুজন বলে সূত্রের খবর। সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা ছবি। সূত্রের খবর পরিস্থিতি সামাল দিতে কাবুল বিমানবন্দরে গুলি চালিয়েছে মার্কিন সেনা। গুলিতে একাধিক জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন।

কাবুলে এরপর থেকে পুরোপুরি বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বাসিন্দাদের কাছে আর্জি জানানো হয়েছে তারা যেন আর বিমানবন্দরের দিকে না আসেন। বিশ্বের প্রায় প্রতিটি দেশই বিমান সংস্থাগুলিকে আফগানিস্তানের আকাশসীমা এড়িয়ে যেতে নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। চরম সর্তকতা জারি করা হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, হামিদ কারজাই বিমানবন্দরের সুরক্ষা বজায় রাখতে তারা সচেষ্ট। সেখানে মোতায়েন রয়েছে প্রায় ৬০০ ট্রুপ।

রবিবার রাজধানী কাবুল দখল করেছে তালিবানরা। আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেস দখল করে নিয়েছে জঙ্গিরা। তালিবানরা কাবুলে প্রবেশ করতেই দেশ ছেড়ে তাজাকিস্তানে চলে গিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তবে তিনি একা নন তাঁর সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লাহ মুহিত। তালিকায় নাম রয়েছে প্রেসিডেন্টের প্রশাসনিক অফিসের প্রধান ফজল মাহমুদ ফজলি। তালিবান আগ্রাসনের জেরে আগেই দেশ ছেড়েছেন একাধিক সাংসদ। আফগানিস্তান ত্যাগ করে ভারতে এসেছে সে দেশের বেশ কয়েকজন সাংসদ এবং সরকারি আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *