আমাদের ভারত, শিলিগুড়ি, ১৬ আগস্ট: দার্জিলিং জেলায় সংগঠন মজবুত করতে এবার মহিলারদের হাতে ক্ষমতা দিল তৃণমূল সুপ্রিমো। দার্জিলিং জেলার তৃণমূলের নতুন সভাপতি হলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মেয়ে পাপিয়া ঘোষ। একইসাথে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির চেয়ারম্যান করা হয়েছে অলক চক্রবর্তীকে। পাহাড়ে এলবি রাইকে সরিয়ে হিল তৃণমূলের সভাপতি করা হল রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রীকে। সব মিলিয়ে পুরসভা ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে তৎপর তৃণমূলের রাজ্য নেতৃত্ব।
রাজ্যজুড়ে তৃণমূলের জয়জয়কার থাকলেও শিলিগুড়ি কিংবা গোটা দার্জিলিং জেলাতে বেশ কয়েকটা নির্বাচনে পরপর হার হয় তৃণমূলের। যার জন্য স্থানীয় জেলা নেতৃত্বদের মুখ পুড়েছিল রাজ্য নেতৃত্বের কাছে। সম্প্রতি বিধানসভা নির্বাচনেও যেখানে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তৃণমূলের হাতে আসন থাকলেও দার্জিলিং জেলা তৃণমূলের আসন ছিল শূন্য। তাই সামনেই যেহেতু পুরসভা ও মহকুমা পরিষদের নির্বাচন তাই আগেভাগে দলের শক্তিকে চাঙ্গা করতে তৎপর রাজ্য তৃণমূল। সোমবার রাজ্যের সমস্ত জেলার সভাপতি ও চেয়ারম্যানদের নাম ঘোষণা করে রাজ্য তৃণমূল। একইভাবে দার্জিলিং জেলাতে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকারকে সরিয়ে দিয়ে তার জায়গায় সভাপতি করা হয় পাপিয়া ঘোষকে।
অন্যদিকে পাহাড়ের ক্ষেত্রেও তৃণমূলের সভাপতির পদ থেকে এলবি রাইকে সরিয়ে দিয়ে তার জায়গায় নতুন হিল তৃণমূলের সভাপতি করা হয় রাজ্যসভার সাংসদ শান্তা ছাত্রীকে। এদিন দার্জিলিং জেলা তৃণমূল (সমতল) নতুন সভাপতি হিসেব পাপিয়া ঘোষের নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকরা শিলিগুড়ির বাগডোগরা এলাকায় তার বাড়িতে গিয়ে ফুলের তোড়া দিয়ে তাঁকে সংবর্ধনা জানানোর পাশাপাশি শুভেচ্ছা জানান।
এদিন সংবাদমাধ্যম মুখোমুখি হয়ে নবনিযুক্ত সভাপতি পাপিয়া ঘোষ বলেন, দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করব। আগামী দিনে দলে আগে যারা পদে ছিল তাদের থেকে পরামর্শ নিয়ে দলের কাজকর্ম করব।
অন্যদিকে এই প্রসঙ্গে গৌতম দেব বলেন, ওয়েবসাইটে নতুন সভাপতি ও চেয়ারম্যানদের নামের তালিকা দেখেছি। তবে যারা এটা স্থির করেছেন তারা সমস্ত দিক চিন্তা ভাবনা করে করেছেন।

