স্বরূপ দত্ত, আমাদের ভারত, ইসলামপুর, ৪ মার্চ: বুধবার ইসলামপুরের বন্দিরাগছ এলাকায় প্রকাশ্য দিবালোকে শুট আউটে একজনের মৃত্যু ও দুজন শিশুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। অভিযুক্ত দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে চলছে পুলিশি তল্লাশি। বৃহস্পতিবার বন্দিরাগছ গ্রামে গিয়ে পুলিশ একটি ধারালো অস্ত্র এবং একটি মোটরবাইক উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা উদ্ধার হওয়া মোটরবাইকটি তাদের কাজে ব্যাবহার করেছিল। এদিকে ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হওয়ায় এলাকার মানুষকে শান্ত থাকার আবেদন করেছেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন। দোষী যেই হোক না কেন পুলিশ যাতে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে সেজন্য তৃণমূলের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।

বুধবার প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালিয়ে একজনকে খুন করে এবং এক কিশোর এবং এক কিশোরী সহ দুজন গুলিবিদ্ধ হয়। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আগডিমটিখন্তি গ্রামপঞ্চায়েতের বন্দিরাগছ এলাকার এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই দুষ্কৃতীরা পলাতক। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার বন্দিরাগছ সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে বাড়ি বাড়ি তল্লাশি চালায় পুলিশ। এই ঘটনায় এলাকায় আরও আতঙ্ক ছড়িয়েছে। যদিও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে একটি মোটরবাইক ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। দুষ্কৃতীরা খুব দ্রুত ধরা পড়বে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
স্থানীয় তৃণমূল নেতা জাকির হোসেন বন্দিরাগছ এলাকার বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হতে এবং শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।

